অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী

অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবির কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, টিসিবির কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে নেওয়া ও কার্ডধারীদের সুবিধার জন্য উপকারী নামে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। টিসিবি বিষয়ক সব তথ্য এখন থেকে মোবাইলেই পাওয়া যাবে। 

তিনি জানান, টিসিবি কার্ডধারীর সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এখন পর্যন্ত উপকারভোগীর সংখ্যা ৭৯ লাখ ছাড়িয়েছে। 

টিসিবি কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে সরকারের ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, ৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনতে চায় সরকার।