রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে টিসিবি জানিয়েছে, আসন্ন রমজানে ৫০ লাখ মানুষকে ট্রাকসেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হবে।
সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন নিত্যপণ্যের বড় আমদানিকারক, ব্যবসায়ী ও টিসিবির প্রতিনিধিরা। বৈঠকে ছোলা, তেল, চিনি, ডাল ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি তুলে ধরেন তারা।
ব্যবসায়ীরা জানান, কিছু পণ্য মজুত রয়েছে, কিছু দেশের পথে ও শিপমেন্ট পর্যায়ে আছে। সবমিলিয়ে রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য রয়েছে। এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না।
ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে সরকারের কাছে বিশেষ কোনো সুবিধা চাননি তারা। বরং বাজারে পর্যাপ্ত সরবরাহ ও প্রতিযোগিতা নিশ্চিত থাকলে পণ্যের দাম সহনীয় থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা।


