রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী কার্গো দেশে আসছে কাল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে ইউরেনিয়ামবাহী কার্গো চালান দেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২৪ তারিখে ইউরেনিয়ামের চালান আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়।

জানা যায়, রাশিয়া থেকে বাংলাদেশে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। পরে দেশটির অনুমতি মেলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পৌঁছাচ্ছে কাল। বিশেষ নিরাপত্তায় এই ইউরেনিয়াম রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

চলতি বছরের মধ্যে মোট ইউরেনিয়ামের সাতটি চালান আসবে। প্রথম ইউনিটে তিন মাসের বেশি সময় আগে জ্বালানি লোড করা হয়। তবে সেফটি ভালভের নিরাপত্তা ত্রুটির কারণে এখনো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। রাশিয়ার প্রকৌশলীরা তা মেরামতের কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ২০০–৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।