সরকার, শ্রমিক ও মালিক, তিন পক্ষের সিদ্ধান্ত পেলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা হবে বলে জানিয়েছে মজুরি বোর্ড। সকালে রাজধানীতে মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে একথা জানান চেয়ারম্যান আমিনুল ইসলাম। বিজিএমইএ সভাপতি বলেন, জুনের মধ্যে মজুরি ঠিক না হলে আরো তিনমাস সময় বাড়ানোর আবেদন করা হবে।
বৈঠকে বসছে মজুরী বোর্ড। সেটা জেনেই পুরানা পল্টনে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে শ্রমিকেরা। তাদের দাবি, ন্যূনতম মজুরি করতে হবে ১৬ থেকে ১৮ হাজার টাকা।
গত বছরের ৮ নভেম্বর শুরু হয় পোশাক খাতের মজুরি বাড়ানোর প্রক্রিয়া। দুই মাস পর গঠিত হয় নতুন মজুরি বোর্ড। এর তিন মাস পর বসলো নতুন বোর্ডের প্রথম সভা।
সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিক ও মালিকদের প্রস্তাব দিতে বলা হয়েছে। তাদের প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত করা হবে ন্যূনতম মজুরি। বিজিএমইএর সভাপতি বলেন, প্রতিষ্ঠানের সক্ষমতা এবং শ্রমিকদের চাহিদা বিবেচনা করা ন্যূনতম মজুরি ঠিক করা হবে।
বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ টাকা।