বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ছাড়িয়ে গেছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতিদের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে দাম আরও বেড়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, ব্রেন্টক্রডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৮০ সেন্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে।
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বাহিনী সৌদি আরবের বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় নতুন করে হামলা করার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দেয়।
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনাও ছিল। এছাড়া হরমুজ প্রণালির দক্ষিণে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় বৈশ্বিক জ্বালানি পরিবহন নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে।