শীতের সবজির দাম কিছুটা কম, মাছ–মাংসের বাজার আগের মতোই

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে কমতির দিকে রয়েছে শীতের সবজির দাম। তবে অন্যান্য গ্রীষ্মকালীন সবজির দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাঠপর্যায়ে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ভোক্তা পর্যায়ে বাড়তি দামে কিনতে হচ্ছে দরকারি পণ্য।

উত্তরের হীমেল হাওয়া বইতে শুরু করেছে। আর রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজির আগমনে কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতি পিস ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

শীতের সবজির স্বস্তি মিললেও অন্যান্য সবজির দাম এখনো বাড়তি। নতুন আলু ও কাঁচা টমেটো ৮০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি গ্রীষ্মকালীন সবজি করলা ও ঢ্যাঁড়স এখনো ৮০ থেকে ১০০ টাকা কেজিতে কিনতে হচ্ছে ক্রেতাদের।

​প্রান্তিক কৃষক পর্যায়ে সবজির দাম অনেক কম থাকলেও হাতবদলে ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ। প্রান্তিক কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেও মাঝখানে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। সিন্ডিকেট রোধে বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম আরও স্থিতিশীল হবে।

এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিললেও আমিষের বাজারে কোনো পরিবর্তন আসেনি। বাজারে রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, কাতল ৩২০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় অপরিবর্তিত রয়েছে।