ডলারের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিট্যান্স হাউসগুলোতে ডলারের দাম কমে ১২৫ টাকার নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার বিক্রি করে ১২৪ টাকা ৭৪ পয়সায়। তবে নিলামে অংশ নেওয়া ব্যাংকগুলোকে এসব ডলার আন্তঃব্যাংক বাজারে পুনরায় বিক্রি না করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে ডলার বিক্রির পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক আট দুই বিলিয়ন ডলারে।
এদিকে বিশ্ববাজারে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের সূচক দশমিক এক এক শতাংশ বেড়ে ১০২ দশমিক নয় আট এ পৌঁছেছে, যা গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ।