খেলাপি ঋণ কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের তাগিদ

খেলাপি ঋণ কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। কারণ টাকা আদায়ে দেরি হলে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। এদিকে, বাংলাদেশ ব্যাংক বলছে, খেলাপি ঋণ আদায়ে বিভিন্ন নীতি সহায়তার পাশাপাশি ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

সংসদে অর্থমন্ত্রী জানান, সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। যদিও তা জুন শেষে ছিল ৬ লাখ ৬ হাজার কোটি টাকা। 

তারপরও ঋণ খেলাপিদের দেয়া হচ্ছে বাড়তি সুবিধা। ঋণে থাকা প্রতিষ্ঠানগুলোকে এক্সিট পলিসি, ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন নীতি সহায়তা দেয়া হচ্ছে।  

অর্থনীতিবিদ আবু ইউসুফ বলেন, ‘নানা সুবিধার পরও ঋণের টাকা ফেরত দিচ্ছেন না বড় খেলাপিরা। যতটুকু আদায় হচ্ছে তার বেশিরভাগই ছোট ও মাঝারি খেলাপিদের থেকে। এমন অবস্থায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা জরুরি।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এবার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। খেলাপি ঋণ কমাতে বিভিন্ন নীতি সহায়তারও উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

শুধু ঋণ আদায় নয়, ইচ্ছেকৃত খেলাপিদের রাষ্ট্রীয় সুবিধা সীমিত করার তাগিদ দেওয়া হয়েছে।