৬ মাস আগে মজুরি বোর্ড গঠন করলে শ্রমিক অসন্তোষ এড়ানো যেত বলে মনে করে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান- সিপিডি। বুধবার সংবাদ সম্মেলনে সাড়ে ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরি নির্ধারণের সুপারিশ করে সংস্থাটি। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ঘুষ- দুর্নীতির দায় শ্রমিকের মজুরির ওপর চাপাতে পারেন না মালিকরা।
সংশোধিত শ্রম আইন অনুযায়ী তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের নিয়ম। সে হিসেবে ডিসেম্বর মধ্যে ঘোষণা করতে হবে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি কাঠামো। অথচ এবার মজুরি বোর্ডই গঠন হয়েছে নভেম্বরে। তার আগেই শিল্পাঞ্চলে অবরোধ, ভাংচুর, সংঘর্ষ শুরু হয়।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি জানায়, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় ও মান, পণ্যের উৎপাদন খরচ, দাম, মূল্যস্ফীতিসহ ১১টি সূচক দেখতে হয়। কিন্তু, এবার জরিপ ছাড়াই অল্পসময়ে মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, ‘দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য প্রয়োজনীয় মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর জীবন ধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) পরিমাণ ২৪ হাজার ২০৪ টাকা। আমাদের মূল বক্তব্য হলো, মজুরি নিয়ে আলোচনা হওয়া উচিত এই দুটি অঙ্কের মধ্যবর্তী সীমার মধ্যে।’
সিপিডি বলছে, মূল্যস্ফীতির সাথে সমন্বয় করলে মজুরি হবে ১৬ হাজার ৩৫১ টাকা। ৪ জনের পরিবারকে দারিদ্রসীমার ওপরে রাখতে মজুরি হবে ১৮হাজার ৫৭৮ টাকা। আর মানবিক জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি হওয়া উচিত ২৪ হাজার ২০৪ টাকা। ঘুষ-দুর্নীতি ও বাড়তি খরচের দায় শ্রমিকের কাঁধে না চাপানোর তাগিদ গবেষকদের।
সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য আমরা যে তিন বছর সময় পেয়েছি, সেখানে অন্যতম বিবেচ্য বিষয় হলো শিল্পের বৈচিত্র্য। শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভর করে আমাদের শিল্পকাঠামো গড়ে উঠবে এবং রপ্তানির ৮০ শতাংশ একটিমাত্র খাত থেকে আসবে—এই অবস্থা আমরা বদলাতে চাই। বিশ্ববাসীর কাছে এ বিষয়ে আমাদের প্রতিশ্রুতি রয়েছে।’
সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত এবং প্রমাণের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা দরকার। বর্তমান নিয়মে কোনো বড় ধরনের শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠন করা হয়, যা দীর্ঘমেয়াদে সংকট সমাধান করে না।’
বারবার শ্রমিক অসন্তোষ মোকাবিলায় স্থায়ী মজুরি কমিশন গঠনের সুপারিশও দিয়েছে সিপিডি।