মালিকপক্ষ মজুরি প্রস্তাব না দিয়ে মজুরি বোর্ডের সভা স্থগিত করায়, সময় ক্ষেপণের অভিযোগ তুলেছেন শ্রমিক নেতারা। অবিলম্বে মজুরি বোর্ডের সভা ডেকে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণার দাবি তাদের। সোমবার বোর্ডের তৃতীয় সভা স্থগিত করায় বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্দ শ্রমিকরা।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে সোমবার তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিতের ঘোষণা দেয় নিম্নতম মজুরি বোর্ড। এ ঘটনায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের বাইরে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা মজুরি বৃদ্ধির দাবিতে শ্লোগান দিতে থাকেন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা না করে উল্টো সভা স্থগিত করা হয়েছে। মজুরি বোর্ড ‘মালিকদের চাপের মুখে’ বৈঠক স্থগিত করেছে বলে অভিযোগ তাদের। সমাবেশে শ্রমিকরা জানান, চলতি মাসের মধ্যে নতুন মজুরি নূন্যতম ৩০ হাজার টাকা ঘোষণা দিতে হবে।
এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।


