বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার গুলশানে বাণিজ্য সংগঠন আইবিএফবি’র বার্ষিক সাধারণ সভায় তিনি এ তথ্য জানান। 

সভায় পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ‘অর্থনীতি নিয়ে এখনকার শিরোনামগুলো নেতিবাচক, তবে সৃজনশীল ও পরিশ্রমীদের প্রচেষ্টায় তা ঘুরে দাঁড়াবে।’

গবেষকরা বলছেন, সাময়িক দুরবস্থা থাকলেও দীর্ঘমেয়াদে ঘুরে দাঁড়ানোর শক্তি রয়েছে উদ্যোক্তা-শ্রমজীবীদের মধ্যে। হোসেন জিল্লুর রহমান বলেন, ‘দুর্নীতি ও হয়রানি এই দুই ব্যাধি দূর করতে হবে। এনবিআরের রাজস্ব আয় এত কম, কারণ হয়রানি প্রাতিষ্ঠানিকভাবে রয়ে গেছে।’ 

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবি’র বার্ষিক সাধারণ সভায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন সম্প্রতি বাংলাদেশের প্রকল্পকে বিনিয়োগযোগ্য ঘোষণা করেছে। এতে বাণিজ্যিকভাবে আকর্ষণীয় প্রকল্পে মার্কিন বিনিয়োগ বাড়বে। 

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র আরও বড় ভূমিকা রাখতে চায়। তবে বিনিয়োগ আকর্ষণ করতে হলে শুল্ক, অশুল্ক বাধা, নিয়ন্ত্রক সংস্থার জটিলতা ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করতে জরুরি সংস্কারগুলো করতে হবে।’

আইবিএফবি নেতারা জানান, ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকারি নীতি কাঠামো সংস্কারের সুপারিশ তুলে ধরতে নিয়মিত আলোচনা ও মতবিনিময় জারি রাখবে সংগঠনটি।