আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল বাংলাদেশ ব্যাংকের। তবে গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে পরিস্থিতি নিরাপদ মনে করেনি কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে টাঁকশাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে নতুন নোট আনা সম্ভব হয়নি।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতিটি নতুন নোট ছাপানোর প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে প্রায় ছয় মাস। আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে টাকা ছাপানো সম্ভব হয়নি। 

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরও জানান, নতুন নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর পর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমেও সাধারণ মানুষ সংগ্রহ করতে পারবে ২০, ৫০ ও ১০০ টাকার নোট।