অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে নামীদামি ২৯টি রেস্তোরাঁর ভ্যাট দাখিলপত্রে বড় ধরনের গরমিল পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। একই সঙ্গে সারা দেশের ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁকে নজরদারিতে আনছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রে শুধু অনলাইন বিক্রির পরিমাণ তাদের দেখানো মোট বিক্রির চেয়ে বেশি। সুলতান ডাইন, বার্গার এক্সপ্রেস, পিৎজাবার্গের মতো প্রতিষ্ঠানগুলোর বিক্রির হিসাব পর্যালোচনায় বিপুল পরিমাণ অর্থের গরমিল পাওয়া যায়।
এরই মধ্যে দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এনবিআরের হিসাবে, ফুডপান্ডায় প্রায় ৪ হাজার, ফুডিতে ৫ হাজার ৩৪৯ এবং পাঠাও ফুডে ৩ হাজার ৪৬৪টি রেস্তোরাঁর তথ্য রয়েছে। একাধিক প্ল্যাটফর্মে একই প্রতিষ্ঠান থাকায় সব মিলিয়ে স্বতন্ত্র রেস্তোরাঁর সংখ্যা ৬ থেকে ৭ হাজার।