সরকারের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। রাজস্ব আহরণে দুর্বলতা আর ঋণের বাড়তি চাপে কমছে উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সক্ষমতা।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঋণ-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫ শতাংশ। একই সময়ে ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ ৮১ হাজার কোটি টাকা, যা এনবিআরের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশ। ফলে বিশ্বব্যাংকের মূল্যায়নে দুর্বল রাজস্ব আহরণ ও ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাওয়ায় বাংলাদেশের ঋণঝুঁকি নিম্ন থেকে মধ্যম পর্যায়ে উঠেছে।
সংস্থাটির হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। রাজস্ব আয় না বাড়লে ঋণনির্ভরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।