দেশের বাজারে আবারও একদিনের ব্যবধানে সোনার দাম বেড়ে ২ লাখ টাকা ছাড়ালো। এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।
ফলে টানা তিনদিনে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকায়।