উচ্চ মূল্যস্ফীতির বাজারে রোজায় পণ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এমন পরিস্থিতিতে আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনই আলাদা পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, রোজার মাসে বাড়ানো হবে তদারকি দল, অনিয়ম পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
প্রতিবছর রমজান মাসে বেশির ভাগ দেশেই ভোগ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশের চিত্র ভিন্ন। কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হয় দাম। সরকারি নানা আশ্বাসেও স্বস্তি আসে না বাজারে।
রোজায় চাহিদা বাড়ে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের। একই সঙ্গে বাড়ে দামও। প্রতি লিটার সয়াবিন তেলের দাম এরই মধ্যে ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এরপরও দাম বাড়াতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কোম্পানিগুলো। চিনির কেজি ১১০ টাকা। চড়া খেজুরের দামও। স্বস্তি নেই অন্যান্য বিদেশি ফল এবং মাংসের বাজারেও। রোজায় বাজার পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে চিন্তা ক্রেতাদের।
রোজার মাসে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেন, রমজানে টিমগুলোকে আরও বেশি কার্যকরের পরিকল্পনা আছে। বাণিজ্য মন্ত্রণালয়ও এরসঙ্গে থাকে। আমাদের পরিকল্পনা আছে, সেভাবেই এগোচ্ছি।
খুচরা বাজারের পাশাপাশি আমদানি ও মিল পর্যায়েও কঠোর নজরদারির পরামর্শ ক্যাবের। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাজার নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। আমদানিকারসহ তিন সব পর্যায়ে তদারকি হলে সুফল আসবে।
রোজায় বাজার স্বাভাবিক রাখতে সামাজিক কর্মসূচি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের।


