তিন মাসে লোডশেডিংয়ে অর্থনীতির ক্ষতি প্রায় ৫৪ হাজার কোটি টাকা। গবেষণা সংস্থা র্যাপিডের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১০ শতাংশ পর্যন্ত লোডশেডিং হয়েছে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, টেকসই জ্বালানি নিরাপত্তায় বহুমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার।
চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর দেশে প্রায় ২ হাজার ৩৭৯ গিগাওয়াট লোডশেডিং হয়। এতে বিভিন্ন খাতে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়েছে। গবেষণা সংস্থা র্যাপিড বলছে, নির্দিষ্ট ৩ মাসে বিদ্যুৎ খাতে ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দৈনিক লোডশেডিং ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হতো।
গবেষণায় দেখা গেছে, মাথাপিছু আয়ের তুলনায় দেশে ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করছে। বাড়তি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বিপরীতে বছরে প্রায় ১৮০ কোটি ডলার ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এ অর্থ বছরে ভর্তুকি দাঁড়াতে পারে ১ লাখ কোটি টাকা।
গবেষকরা বলছেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হলে দেশে গ্রিড বিদ্যুতের চাহিদা হতে পারে ৩৫ হাজার মেগাওয়াট।
রূপপুর এবং ৩০ শতাংশ সৌর বিদ্যুৎ সক্ষমতা ব্যবহারে এলএনজির বার্ষিক আমদানি ব্যয় হতে পারে ২৫-৪২ বিলিয়ন ডলার।