বস্ত্র খাতে নতুন মজুরি কাঠামো নির্ধারণে বিটিএমএ’র উদ্যোগ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পর এবার প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন - বিটিএমএ। সংগঠনটি জানিয়েছে, দ্রুতই এ খাতের শ্রমিকদের জন্য নতুন ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে। 

গতকাল শনিবার বিটিএমএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত হয়েছে। এর ধারাবাহিকতায় প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সংগঠনটির সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়। সংগঠনটি জানায়, ২০২৪ সালে ঘোষিত টেক্সটাইল খাতের সর্বশেষ মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

সংগঠনটির মতে, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প একে অপরের পরিপূরক। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তৈরি পোশাক খাতের মতো বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।