দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ব্যয় বাড়ছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় ১০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় চাপ তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।
জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৬ মাসে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। তবে পেট্রোবাংলার হিসাবে এই সময়ে ভর্তুকির পরিমাণ প্রায় ৩৩ হাজার কোটি টাকা। দেশে গ্যাসের চাহিদা মেটাতে পেট্রোবাংলা বছরে ৪ দশমিক সাত বিলিয়ন ডলার বা প্রায় ৬০ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করছে। দেশীয় গ্যাসে উৎপাদন না বাড়লে আগামী বছরগুলোতে আমদানির পরিমাণ আরও বাড়তে পারে। ২০৪০ সাল নাগাদ এ ব্যয় ২৫ দশমিক আট বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।