ব্যাংকিং খাতে ঝুঁকি কমাতে সুশাসন নিশ্চিত করতে হবে: বিআইবিএম

ব্যাংকিং খাতে ঝুঁকি কমাতে অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিতের উপর জোর দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠান-বিআইবিএম। রাজধানীর মিরপুরে বিআইবিএম কার্যালয়ে রোববার দুপুরে এক সেমিনারে এ তাগিদ দেন গবেষকেরা।

কার্যকর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ সুশাসন অভাবে ব্যাংকগুলোতে বেশীরভাগ অনিয়মের ঘটনা ঘটেছে। এতে তারল্য সংকটের পাশাপাশি গ্রাহক আস্থা হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। গবেষণা প্রতিষ্ঠান বিআইবিএমের সেমিনারে এমনই মত দিয়েছেন গবেষকেরা।

সেমিনারে ব্যাংকখাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন গবেষকেরা। তারা বলেন, শাখা পর্যায়ে ক্ষমতা কিছুটা বাড়িয়ে ঋণ প্রস্তাব অনুমোদনের সুযোগ দিলে খেলাপি ঋণের ঝুঁকি কমে আসবে। তবে এ ক্ষমতা যাতে সীমাহীন না হয়..সে বিষয়েও সতর্ক করা হয় সেমিনারে।

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ক্ষমতার সঙ্গে ভারসাম্যপূর্ণ বিকেন্দ্রীকরণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বিষয়টি নিশ্চিত করতে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংককে।

ব্যাংকখাতে যে কোনো পদক্ষেপের সম্ভাব্য ঝুঁকি ও প্রভাব বিবেচনায় রেখে উদ্যোগ বাস্তবায়নের ওপর জোর দেন এ খাত সংশ্লিষ্টরা।

//এমআর//