বিজিএমইএ'র নতুন ভবনে আংশিকভাবে দাপ্তরিক কাজ শুরু

উত্তরায় নির্মাণাধীন নতুন ভবনে আংশিকভাবে দাপ্তরিক কাজ শুরু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ। আদালতের নির্দেশ মেনেই নতুন ভবনে কাজ শুরু করেছেন, বলছেন সংগঠনের নেতারা। তবে ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী হয়নি বলে মনে করছেন তারা।

উত্তরায় ১৭ নম্বর সেক্টরে ১১০ কাঠার জমিতে গড়ে উঠছে বিজিএমইএ'র নতুন ভবন। ৩ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ তলা ভবনের ৬ তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। দুইটি ফ্লোরে সোমবার দাপ্তরিক কাজ শুরু করেছে সংগঠনটি।

আইন না মেনে হাতিরঝিলে ভবন তৈরি করায় তা ভেঙে ফেলার নির্দেশ দেয় উচ্চ আদালত। ভবন ছাড়তে গত ১২ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়। বিজিএমইএ নেতারা বলছেন, আদালতের নির্দেশ মানতেই নতুন ভবনে কাজ শুরু করেছেন তারা।

এছাড়া নতুন ভবন দাপ্তরিক কাজের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলছেন সংগঠনটির নেতারা।

২০ এপ্রিল দায়িত্ব নেবেন বিজিএমইএর নব-নির্বাচিত নেতারা। দায়িত্ব নেয়ার পর নতুন ভবন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা।

//এমআর//