৯২ কোটি টাকা ব্যয়ে টঙ্গীতে রাসায়নিক গুদাম নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামী মাসে। এক বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ করার লক্ষ্য শিল্প মন্ত্রণালয়ের। মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসময় মহাসড়কে বাস চালকদের বিশ্রামাগার এবং পরিকল্পিত বাস টার্মিনাল নির্মাণের নিদের্শনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২১ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুন লেগে মারা যায় ৭৮ জন। এর আগে, ২০১০ সালে নিমতলী অগ্নিকাণ্ডে মারা যান ১২৪ জন। অনুসন্ধানে বেরিয়ে আসে, এসব অগ্নিকাণ্ডের কারণ রাসায়নিকের গুদামে বিস্ফোরণ। এরপর পুরান ঢাকা থেকে রাসায়নিক অপসারণে গুদাম নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
আগামী বছরের মধ্যেই টঙ্গীতে রাসায়নিকের গুদাম নির্মাণে প্রকল্প অনুমোদন দেয় একনেক। এ প্রকল্প বাস্তবায়নের খরচ ধরা হয়েছে ৯১ কোটি ৭৪ লাখ টাকা।
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে প্রকল্প অনুমোদন করেছে একনেক। এছাড়া, সভায়, বাস টার্মিনাল ও চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় মোট ৮ হাজার ৫২ কোটি টাকার ১১ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
/এসআইএস/