সূচক কমেছে লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের নেতিবাচক অবস্থায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারের। যদিও কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে, একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। কমেছে সূচক, বেড়েছে লেনদেন। এদিকে, বাজারের বর্তমান মন্দাবস্থায় বিনিয়োগকারীদের দেখে, বুঝে বিনিয়োগের পরামর্শ বাজার বিশ্লেষকদের।

আবারও মূল্যসূচকের পতনে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। দিনশেষে প্রধান সূচক কমেছে ১২ দশমিক চার নয় পয়েন্ট। অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। যদিও কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট হাতবদল হয়েছে ৪৭৭ কোটি ৩৬ লাখ টাকা । যা আগের দিনের চেয়ে ১৩ কোটি ৫০ লাখ টাকা বেশি।

হাতবদল হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত আছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

এদিকে, ভালো করে যাচাই বাছাই করে বিনিয়োগকারীদের, বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।

লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় স্কয়ার ফার্মা এবং তৃতীয় মুন্নু সিরামিক।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। আল-হাজ্ব টেক্সটাইল দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে মুন্নু সিরামিক।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে ৫.২৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।

/এসআইএস/