তিন প্রকল্পে ১২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নে সহায়তা দিতে তিন প্রকল্পে বাংলাদেশের জন্য ১২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। সেই সঙ্গে বাংলাদেশের জন্য চার বছরের একটি নতুন অংশীদারত্ব কাঠামো তৈরি করেছে সংস্থাটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডলার ১০৭ টাকা ৬৬ পয়সা বিনিময় হার ধরে বাংলাদেশি টাকায় এ অর্থ পরিমাণ প্রায় ১৩ হাজার ৪শ ৫৭ কোটি ৫০ লাখ টাকা। যা ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল উন্নয়নে ৫০ কোটি ডলারের একটি প্রকল্প বাংলাদেশকে সবুজ এবং জলবায়ু-সহনশীল উন্নয়নে সহায়তা করবে।

কৃষি ও পল্লী উন্নয়নে ৫০ কোটি ডলারের আরেকটি প্রকল্প কৃষি-খাদ্য ব্যবস্থায় বৈচিত্র্য আনার পাশাপাশি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে সহায়ক হবে।

এছাড়া ২৫ কোটি ডলারের একটি প্রকল্প ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উত্তরণে সহায়তা করবে। যা এ খাতকে আরও গতিশীল করবে, দূষণ কমাবে, সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়াবে এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।