সরকারি চাকরিজীবীদের বীমার আওতায় আনার উদ্যোগ 

সরকারি চাকরিজীবীদের বীমা সেবার আওতায় আনতে সংশ্লিষ্টদের মতামত চেয়ে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আওতায় একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সকল সিনিয়র সচিব, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থার সকল প্রধান, সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারকে এ চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৭ আগষ্টের মধ্যে সিদ্ধান্তের উপর সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে বা  ইমেইলে পাঠাতে চিঠিতে অনুরোধ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪-এর ধারা ৬ এর দফা (থ) এ সময় ও অবস্থার প্রেক্ষিতে যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ধারা-১৮ এ বোর্ড বীমা কোম্পানী বা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জীবন বীমা করিতে পারিবে মর্মে উল্লেখ রয়েছে।

‘আইনের এ বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বীমা সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়।’ 

এতে আরও বলা হয়েছে, সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা, জীবন বীমা কর্পোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়- বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়, বীমা কোম্পানি গঠনের লক্ষ্যে বীমা বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়া হয়।

এসব সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।