দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে চালু করা হচ্ছে বিনামূল্যে ইন্টারনেট (ওয়াই-ফাই) সেবা। তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেশের বিভিন্ন পাবলিক স্পেসে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘ফ্রি ওআই-ফাই’। প্রতিষ্ঠানটির দাবি, ঢাকা সহ সারা দেশে প্রায় ১০০টি স্থানে ইতোমধ্যে এই সেবা চালু হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, করপোরেট অফিস, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট ভেন্যু ও অন্যান্য জনসমাগমস্থলে ফ্রি ওয়াইফাই সুবিধা দেওয়া হচ্ছে। ডিজিটাল সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে তারা।
ফ্রি ওয়াই-ফাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওদুদ জানান, ‘ডিজিটাল যুগে ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটি প্রয়োজন। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, যা মানুষকে সহজ, নিরাপদ ও স্মার্টভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে।’
তিনি আরও জানান, ‘ভবিষ্যতে ব্যবহারকারীরা নিজেদের রাউটার ফ্রি ওয়াই-ফাই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে পারবেন। এর মাধ্যমে বিজ্ঞাপনভিত্তিক আয়ের সুযোগও তৈরি হবে। আমাদের লক্ষ্য শুধু ফ্রি ইন্টারনেট দেওয়া নয়। বরং একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা। যেখানে ব্যবহারকারী, ব্যবসা ও প্রযুক্তি একসঙ্গে যুক্ত থাকবে।’
প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ধাপে ধাপে সেবার পরিধি বাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ১০ হাজার লোকেশনে পৌঁছাতে চায়। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, পাবলিক ওয়াইফাই বিস্তৃত হলে শিক্ষার্থী, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা উপকৃত হতে পারেন। তবে একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সেবা ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে পাওয়া যাবে।