রাইজ টুগেদার স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দেশের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের ‘বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬’। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন ক্যাবলসের তিন শতাধিক ডিলার বা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে এই ডিলার কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি।
সম্মেলনে পরিবেশকদের উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ‘আপনারাই হচ্ছেন ওয়ালটন ক্যাবলসের বড় শক্তি। আপনাদের মাধ্যমে ওয়ালটনের তৈরি বিশ্বমানের ও নিরাপদ ক্যাবলস যেমন গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে, তেমনি ওয়ালটন ক্যাবলসের মার্কেট শেয়ারও প্রতিনিয়ত বৃদ্ধি ও সুসংহত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ আবাসন ও স্থাপনার ক্ষেত্রে ক্যাবলস ও ইলেকট্রিক সলিউশনস পণ্যের গুরুত্ব অপরিসীম। তাই ব্যবসার পাশাপাশি গ্রাহকদের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে। আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস-আদালতসহ সর্বত্র নিরাপদ স্থাপনার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ওয়ালটন আন্তর্জাতিক মানের নিরাপদ ক্যাবলস ও ইলেকট্রিক সলিউশনস উৎপাদন ও বাজারজাত করছে।’
ওয়ালটনের পরিচালক নিশাত তাসনিম শুচি বলেন, ‘আপনাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন ক্যাবলস।’
তিনি জানান, স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি ওয়ালটন ক্যাবলস এখন ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইয়েমেন, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ সময় তিনি আঞ্চলিক পর্যায়ে ওয়ালটন ক্যাবলসের ব্যাপক ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার জন্য পরিবেশকদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও মো. ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুল খান।
কনফারেন্সে চলতি বছর ওয়ালটন ক্যাবলস বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধশতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।