তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ নিয়মিত অর্থ পরিশোধের শর্তে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হয়েছিল ব্যাংকটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সেই চুক্তির শর্ত অনুযায়ী বকেয়া ফি পরিশোধ না করায় ব্যাংকটির বিরুদ্ধে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) আনুষ্ঠানিক সালিসি মামলা দায়ের করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে যেকোনো মুহূর্তে ব্যাংকটির কোর ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ২০ লাখের অধিক গ্রাহককে ঠেলে দিতে পারে চরম অনিশ্চয়তা ও বড় ধরনের বিপদের মুখে।
আন্তর্জাতিক সালিশি আদালতের (এসআইএসি) নথিপত্র অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার ‘টেমেনোস’-এর সরবরাহকারী সিঙ্গাপুরভিত্তিক এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশি অংশীদার বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড যৌথভাবে এই সালিসের আবেদন করেছে।
মামলায় ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং সুইজারল্যান্ডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমেনোস হেডকোয়ার্টার্স এসএ-কে বিবাদী করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরের চুক্তি ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয় (মামলা নম্বর এআরবি ৫১৬/২৬/এমএনএইচ এবং এআরবি ৫১৭/২৬/এমএনএইচ)। পরবর্তীতে গত ৫ নভেম্বর এসআইএসি সচিবালয় থেকে বিবাদীদের ১৪ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকের হিসাব সংরক্ষণ, শাখা পর্যায়ের লেনদেন, এটিএম বুথ, কার্ড সেবা, অনলাইন ব্যাংকিং এবং আন্তঃব্যাংক তহবিল স্থানান্তরের মতো প্রতিটি জরুরি সেবা কোর ব্যাংকিং সফটওয়্যারের ওপর নির্ভরশীল। কিন্তু অত্যন্ত দায়িত্বহীনভাবে ২০২৪ সাল থেকে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (এএমসি) ও সংশ্লিষ্ট কোনো ফি পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। সরবরাহকারী পক্ষ একাধিকবার তাগাদা দিলেও পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কোনো কর্ণপাত করেনি।
ফলস্বরূপ, এমনিতেই তারল্য সংকটে থাকা ব্যাংকটিতে সফটওয়্যার জটিলতা দেখা দিলে গ্রাহকদের জমানো টাকা তোলার প্রক্রিয়া পুরোপুরি থমকে যেতে পারে এবং সাধারণ আমানতকারীদের পথে বসার উপক্রম হতে পারে।