ডিএসইতে মূলধন কমেছে ১৩ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে উত্থান পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। কমেছে ডিএসইর সব ক’টি সূচক। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৩ দশমিক তিন চার পয়েন্ট। অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকা। লেনদেন কমেছে ৯ কোটি ৩৯ লাখ টাকা।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি টাকা। যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৩১১ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে হাতবদলে অংশ নেয় ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৮৭ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৫টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাবরেটরিজ, দ্বিতীয় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম মেঘনা পেট , সপ্তাহের ব্যবধানের কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক আট ছয় ভাগ।  দ্বিতীয় সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৩৮৪ পয়েন্ট। অবস্থান করেছে ১৬ হাজার ৫৫৩ পয়েন্টে। সপ্তাহজুরে মোট লেনদেন হয়েছে ৯৭ কোটি ১৭ লাখ টাকা।