শেয়ার বাজারে বড় ধস: দরপতনের সঙ্গে কমেছে লেনদেনও

সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। রোববার ডিএসইর প্রধান সূচক কমেছে ৭৬ দশমিক আট শূন্য পয়েন্ট। প্রায় ৯২ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে, কমেছে লেনদেনও। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৭১ দশমিক চার ছয় পয়েন্ট।

আজ রোববার দিনের শুরু থেকেই নেতিবাচক ছিলো ঢাকার শেয়ারবাজার। প্রথম ঘণ্টায় প্রধান সূচক কমে প্রায় ৪০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৭৬ দশমিক আট শূন্য পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে। 

সূচকের সঙ্গে ডিএসইতে বেশ কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় ২৭১ কোটি ৭০ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় ৩৩ কোটি ৩০ লাখ টাকা।

হাতবদলে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ২৬৫টি এবং অপরিবর্তিত ১৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় বীচ হ্যাচারি, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্টাইল ক্রাফট, দ্বিতীয় রহিমা ফুড, তৃতীয় অবস্থানে স্ট্যান্ডার্ড ব্যাংক।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৭১ দশমিক চার ছয় পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৯ পয়েন্টে। লেনদেন ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার।