ঊর্ধ্বমুখী ধারায় ফেরার পাশাপাশি ঢাকার শেয়ার বাজারে লেনদেনের গতিও বাড়তে দেখ যাচ্ছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে আট মাস পর লেনদন ছাড়িয়েছে সাড়ে ৭০০ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে ৩৮ ভাগ প্রতিষ্ঠানের। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ১৩২ দশমিক এক সাত পয়েন্ট।
আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম ৩০ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় ৩৬ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। তবে, দিনশেষে ডিএসইএক্স সূচক ১৫ দশমিক পাঁচ আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩২ পয়েন্টে।
সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ মোট লেনদেন হয় ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ৫৫ কোটি ২১ লাখ টাকা।
হাতবদলে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৮০টি এবং অপরিবর্তিত ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট, তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম রহিমা ফুড, খুলনা পাওয়ার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে বিবিএস ক্যাবলস।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৩২ দশমিক এক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে। লেনদেন ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।