মিস ফরিদা রশিদ অষ্টম শ্রেণীর জুঁই শাখার শিক্ষক। সেদিন তিনি শ্রেণীকক্ষে ঢুকতেই দেখলেন, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে উচ্চস্বরে কথা বলছে। কেউ কেউ গল্প করছে, কেউ আবার গান গাইছে, কেউবা ডেস্কে আঁকাআঁকি করছে। তিনি আরও দেখলেন পূর্বের ক্লাসের কাজও বোর্ডে রয়ে গেছে। প্রতিনিয়ত এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া শিক্ষকদের জন্য রীতিমতো এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
আসুন জেনে নেই, ক্লাসের শিক্ষার্থীকে সামাল দেওয়ার কিছু নিয়ম:
চঞ্চল শিক্ষার্থীদের পরিচালনা
ক্লাসে কিছু হাইপার অ্যাক্টিভ বা অতিরিক্ত চঞ্চল শিক্ষার্থী থাকে, যারা নিজেদের পড়া তাড়াতাড়ি শেষ করে ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মিস ফরিদা সেসব শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন, ক্লাসের সকল শিক্ষার্থীদের পাঠ শেষ করার সমান সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে একে অপরকে সহযোগিতা করতে হবে।
শিক্ষার্থীদের আচরণগত সমস্যা
ক্লাসে কিছু শিক্ষার্থী কিছু বলার আগেই নেতিবাচক উত্তর দিয়ে থাকে। সেসব শিক্ষার্থীরা অন্যান্য সহপাঠীদের তোয়াক্কা করে না। তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে। মিস ফরিদা শিক্ষার্থীদের কাছে জানতে চান, তারা কারো উপর বিরক্ত হয়ে আছে কিনা। যদি বিরক্ত থাকে তাহলে তা যেন তাঁকে বলা হয়। মিস ফরিদা মনে করেন, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের জন্যে একটি নিরাপদ স্থান তৈরি করা। যাতে শিক্ষার্থীরা খুব সহজেই নিজেদের সমস্যা নিয়ে কথা বলতে পারে।
লাজুক শিক্ষার্থী
ক্লাসে অনেক শিক্ষার্থী থাকে, যারা কখনোই কোনো কিছুতে অংশ নেয় না। মিস ফরিদা বুঝতে পারেন, এই ধরনের সমস্যার কারণ হচ্ছে ভয়। এসব শিক্ষার্থীদের মধ্যে কথা বলা বা উত্তর দেওয়ার সময় ভয় কাজ করে। মিস ফরিদা সেসব শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন, কোনো বিষয় নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। নিজেদের ভয় কাটাতে হবে। এই ভয় কাটানোর জন্য রয়েছে নানান কৌশল।
যেসব শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দেয়
কিছু শিক্ষার্থী আছে, যারা পাঠের সময় ক্লাস থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাদের জিজ্ঞাসা করলে জানা যায়, তাদের ক্লাস করতে ভালো লাগে না। মিস ফরিদা তাদের কাউন্সেলিং করেন এবং বুঝিয়ে বলেন ক্লাস ফাঁকি দিলে তাদেরই ক্ষতি হবে। তাই তিনি শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ বাড়ানোর জন্য মজার মজার খেলার ব্যবস্থা করেন।
দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করা
শ্রেণীকক্ষে ভাল শিক্ষার্থীদের মধ্যে দুর্বল শিক্ষার্থী থাকে। তারা শিক্ষকদের জিজ্ঞাসা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এবং পাঠে পিছিয়ে যায়। দুর্বল শিক্ষার্থীদের জন্য মিস ফরিদা শিক্ষার্থীদের বসার জায়গার পরিবর্তন করেন। তিনি ক্লাসে দুর্বল শিক্ষার্থীদের সঙ্গে ভাল শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করেন। যাতে তারা একে অপরকে সহযোগিতা করতে পারে। এটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক এবং উৎপাদনশীল অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করবে।
লেখক: ট্রেনিং ম্যানেজমেন্ট প্রফেশনাল, প্রোগ্রাম লিডার, স্কুলস প্রোগ্রাম, স্পিড