সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসন সংকটে ছাত্র-ছাত্রীরা। মাত্র ৬টি হলে মোট শিক্ষার্থীর মাত্র ৩৩ শতাংশের জন্য সিট রয়েছে। ফলে বেশিরভাগ শিক্ষার্থীকে থাকতে হচ্ছে মেস ও ভাড়া বাসায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আবাসন সংকট নিরসনে নতুন ২টি হল নির্মাণকাজ চলছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি হন দেড় হাজার শিক্ষার্থী। বর্তমানে ২৮টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার। অথচ ৬টি আবাসিক হলে থাকার সুযোগ পাচ্ছেন মাত্র তিন হাজার শিক্ষার্থী। আর ক্যাম্পাসের বাইরে মেস ও বাসা ভাড়া করে থাকতে হচ্ছে ৬ হাজারের বেশি ছাত্র-ছাত্রীকে। এতে আর্থিক চাপের পাশাপাশি দূরত্বের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষায়।
হলের সিট বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হয় মেধাবী, অস্বচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের। আবাসন সংকটের কারণে বাদ পড়ছেন অনেকে, বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাবিপ্রবির শাহপরান হলের প্রভোস্ট ড. ইফতেখার আহমদ বলেন, মেধার ভিত্তিতে, অস্বচ্ছল শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা– এর ওপর ভিত্তি করে আমরা হলে সিট দিয়ে আসছি।
উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম জানান, দুটি নতুন হল নির্মাণের প্রক্রিয়া চলছে। ছাত্রদেরটি এক হাজার সিটের, ছাত্রীদেরটিও এক হাজার সিটের। এতে আবাসনের ব্যবস্থা হবে আরও দুই হাজার শিক্ষার্থীর।
আবাসন সংকট নিরসনে বিভিন্ন হলের সম্প্রসারণসহ আরও নতুন হল নির্মাণের দাবি ছাত্র-ছাত্রীদের।