৬৪ হাজার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের অবসর ভাতার আবেদন ঝুলে রয়েছে। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টে এক বছর ধরে নেই পরিচালনা পর্ষদ। এর ফলে ২০২১ সালের পরের আবেদনগুলো নিস্পত্তি হচ্ছে না। ব্যাপক ভোগান্তিতে রয়েছেন শিক্ষকেরা।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অবসরের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড থেকে পেনশন পান। এই টাকা প্রাপ্তি নিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষকেরা।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এক বছর পার হলেও সেই পর্ষদ আর গঠন করা হয়নি। ফলে কল্যাণ ট্রাস্টে ২০২২ এবং অবসর বোর্ডে ২০২১ সালের পরের আবেদনের কোনো প্রক্রিয়া করা যাচ্ছে না।
এর মাঝে সফটওয়ার সমস্যার কারণে ২০২১ সালের আগে যারা আবেদন করেছেন তাঁরাও অবসর সুবিধা বোর্ডের টাকা পাননি। এসব জটিলতার কারণে শিক্ষকদের ভোগান্তি আরও বেড়েছে।
কল্যাণ ট্রাস্টের সচিব শরিফা নাছরিন বলেন, ২০২২ সালের আগের আবেদনের টাকা দেওয়া হচ্ছে।
অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যাপক জাফর আহম্মদ বলছেন, সফটওয়্যার জটিলতার কারণে কয়েকমাস টাকা দেওয়া যায়নি। কিন্তু এখন টাকা দেওয়া হচ্ছে।