দেশের বেশিরভাগ মাদরাসাতেই নেই শহীদ মিনার। আবার মাদরাসার শিক্ষার্থীদের অধিকাংশই ২১শে ফেব্রুয়ারির তাৎপর্য কি তা ভালোভাবে জানে না। ফলে মহান ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস জানা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্মের এসব শিক্ষার্থীরা।
কিশোরগঞ্জে দাখিল, আলিম, কামিল ও ফাজিল মিলিয়ে ১৪৬ মাদরাসার মাত্র একটিতে রয়েছে শহিদ মিনার। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ রাষ্ট্রীয় কোনো দিবসই পালন হয় না এসব মাদরাসায়।
শিক্ষকেরা জানান, একুশে ফেব্রুয়ারি বা অন্য যে জাতীয় দিবসগুলো রয়েছে সে দিবসগুলোতে ক্লাস বন্ধ রাখা হয়। এ সময় ছাত্রদেরকে কুরআন খতমসহ নানা কর্মসূচি পালন করতে বলা হয়।
টাঙ্গাইলের ৯১ ভাগ মাদরাসায় নেই শহীদ মিনার। ২০৩টি মাদরাসার মধ্যে মাত্র ১৯টিতে রয়েছে শহীদ মিনার। এতে মহান ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, মাদরাসায় শহীদ মিনার থাকলে ভাষা শহীদদের শিক্ষার্থীরা ফুল দিয়ে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করতে পারত। মাদরাসায় এ কারণে অবশ্যই শহীদ মিনার থাকা উচিত।
২১শে ফেব্রুয়ারি এলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কোনো দৃশ্যমান আয়োজন নেই লালমনিরহাট, জামালপুর ও মাগুরার মাদরাসাগুলোতে।
মাদরাসায় শহীদ মিনার নির্মাণে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, ‘যে সকল মাদরাসায় শহীদ মিনার নেই আমি চেষ্টা করব সরকারি সহায়তায় সেগুলোতে শহীদ মিনার নির্মাণ করার।’