বিদেশে কাজের প্রস্তুতি নিতে চান, কিন্তু ভাষা শেখার খরচ নিয়ে চিন্তায়? এবার সেই দুশ্চিন্তা কিছুটা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেবে প্রতিষ্ঠানটি।
এই ঋণের মাধ্যমে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে ভাষা কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সরাসরি টিউশন ফি পরিশোধ করতে পারবেন। শুধু তা-ই নয়, বিদেশে থাকা-খাওয়ার খরচ চালাতেও এই ঋণের অর্থ ব্যবহার করা যাবে।
কেন এই ঋণ
বিদেশে কর্মসংস্থান বাড়াতে এবং বাংলাদেশি কর্মীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটির নতুন এই কর্মসূচির নাম ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’।
কত টাকা পাওয়া যাবে
যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এটি সম্পূর্ণ জামানতবিহীন। অর্থাৎ কোনো সম্পত্তি বন্ধক রাখতে হবে না।
কী কী শর্ত রয়েছে
ঋণ পেতে হলে আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে-
- সংশ্লিষ্ট ব্যাংক শাখার এলাকার বাসিন্দা হতে হবে।
- বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
- যে দেশে যেতে চান, সেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অফার লেটার থাকতে হবে।
- নির্দিষ্ট ভাষা দক্ষতার সনদ থাকতে হবে (যেমন জাপানের জন্য এন ফাইভ, কোরিয়ার জন্য টপিক লেভেল থ্রি)।
এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ এবং জামিনদারের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সুদ ও পরিশোধ
এই ঋণের বার্ষিক সুদের হার ১১ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত। অন্যান্য ফি ও চার্জ ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
এই ঋণ সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় যোগাযোগ করা যাবে। এছাড়া হেল্পলাইন নম্বর ১৬২৩৮–এ ফোন করেও তথ্য নেওয়া যাবে। ব্যাংকের ওয়েবসাইটেও রয়েছে প্রয়োজনীয় তথ্য।
বিদেশে কাজের স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য এই ঋণ হতে পারে একটি বড় সুযোগ। ভাষা শেখার পথ সহজ হলে, কর্মসংস্থানের দরজাও খুলবে আরও দ্রুত।