ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শিক্ষার্থীরা এবার পাচ্ছেন আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। জাপানের স্বীকৃত আইটিইই কোর্সে অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।
সম্প্রতি ইউআইটিএসের কনফারেন্স রুমে ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ যৌথভাবে এই আয়োজন করে।
বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। মূলত জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ)-এর অধীনে পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিইই, লেভেল-২: ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং (এফই) পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোর্স চালু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই সনদ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক আইসিটি খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং পেশাগত দক্ষতা আরও উন্নত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (বিডি-আইটিইসি) ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।
এ ছাড়া আইকিউএসি’র পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগের প্রধান আল-ইমতিয়াজ এবং প্রশিক্ষক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আন্নাজিয়াত আলিম রাসেল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ একই সঙ্গে তিনি এমন উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার আহ্বান জানান। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের আইসিটি খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।