ইংরেজি মাধ্যমের স্কুল ও কলেজগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের শিক্ষাখাতের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা করবে বলেও জানান তিনি।
আজ বুধবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগ্গিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম চালু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিরসনে সরকার ধাপে ধাপে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হবে।
মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা সিলেটের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট মন্ত্রীর কাছে তুলে ধরেন।