প্রাথমিকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও পাটের ব্যাগ দেবে সরকার

আগামী বছরের শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ পৌঁছে দেবে সরকার। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দেওয়া হবে। যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন ড্রেস ও ব্যাগ পেতে পারে।

শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে বুধবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, এ কর্মসূচির জন্য স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। 

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তিন মন্ত্রণালয়ের সমন্বয় এবং ব্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন হবে। 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে পরিবেশ দূষণ কমানোর জন্য শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দেওয়া হবে।