এসএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি, ছড়ানো হচ্ছে গুজব। বিভ্রান্ত করা হচ্ছে পরীক্ষার্থীদের। এই প্রতারণার সাথে জড়িত বেশ কয়েকটি চক্র। শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
২১ এপ্রিল থেকে চলছে এসএসসি পরীক্ষা। প্রথম দিনে হয়েছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। ৩ দিন পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ফাঁস হয়েছে বাংলা পরীক্ষার প্রশ্ন। তবে এর সত্যতা পায়নি শিক্ষার্থীরা।
‘প্রশ্নপত্র ফাঁসের এমন কোনো প্রমাণ আমরা পাইনি,’ বলে জানান এক এসএসসি পরীক্ষার্থী। আরেক শিক্ষার্থী বলেন, ‘বিভ্রান্তিকর পোস্ট দেখছি, যাতে আমাদেরকে পড়াশোনা থেকে ডিসট্রাক্ট (বিভ্রান্ত) করা যায়।’
তবে অনলাইনে একটি ভুয়া প্রশ্ন দেখেছেন উল্লেখ করে এক পরীক্ষার্থী বলেন, ‘এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম অনলাইনে…আমি প্রশ্নটা দেখেছি। কিন্তু ওই প্রশ্নটার সাথে আজকে যে পরীক্ষা দিয়েছি সেই প্রশ্নের কোনো মিল নেই।’
এদিকে, অভিযোগ পাওয়া গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নামে-বেনামে গ্রুপ খুলে প্রশ্নফাঁসের বিজ্ঞাপন দিচ্ছে কয়েকটি প্রতারক চক্র। শিক্ষাবোর্ড বলছে, এগুলো পুরোপুরি প্রতারণা। এদেরকে চিহ্নিত করা হচ্ছে।
এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘প্রশ্ন সুরক্ষার জন্য সরকারের যে ব্যবস্থা আছে, যে নজরদারি আছে তার মধ্য দিয়ে প্রশ্ন আউট করা অসম্ভব।’
উল্লেখ্য, যেকোনো বোর্ড পরীক্ষা এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় প্রশ্নপত্র ফাঁসের গুজব। এবারও তেমনটাই হচ্ছে।
শিক্ষা গবেষকরা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর। তাই গুজব যারা ছড়াচ্ছেন তাদেরকে চিহ্নিত করে নিতে হবে কঠোর ব্যবস্থা। শিক্ষার্থীদের এমন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ছালাহ উদ্দীন পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই ধরণের কথা কোনোভাবেই কানে নেবে না। যে তথ্যগুলো বিভ্রান্তিকর, গুজব, এগুলো বিশ্বাস না করে তোমরা পড়ার টেবিলে ফিরে আসবে। তোমরা পড়াশোনা করে ভালো করবে।’
এদিকে মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে কয়েকজন প্রতারক আটক হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এখনও চলছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরাও সচেতন রয়েছি। আমরাও এগুলোকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে…তবে গুজব যেন না ছড়ায় সেজন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান রইলো।’
এদিকে, পরীক্ষা সুষ্ঠু হচ্ছে জানিয়ে মন্ত্রণালয় প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।