জুলাই থেকে স্কুল শিক্ষার্থীরা পাবে ড্রেস-ব্যাগ-জুতা: শিক্ষামন্ত্রী

আগামী জুলাই থেকে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান তিনি। সভায় ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জুলাইতে শুরু হতে যাওয়া পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হবে। পরবর্তীতে অন্যান্য ক্লাস ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে।

এহছানুল হক মিলন বলেন, বিজিএমইএ ১ লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের নিজেরই এই কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। তারপরেও প্রধানমন্ত্রী চান বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের এই কার্যক্রমে সম্পৃক্ত করতে।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষা, খাবারের পাশাপাশি ড্রেস, ব্যাগ এবং জুতার বিতরণের ফলে অভিভাবকদের ওপর চাপ কমবে।