নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। ২ থেকে ৪ আগস্ট আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ ছিল এ উৎসবের টাইটেল স্পন্সর।
উৎসবের প্রধান আয়োজক ছিল এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। সহ-আয়োজক হিসেবে ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। পাশাপাশি বিভিন্ন ক্লাব এ আয়োজনে অংশ নেয়।
তিন দিনের উৎসবে ছিল মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ ও বিতর্ক প্রতিযোগিতা। গেমিংপ্রেমীদের জন্য আয়োজন করা হয় পাবজি ও ই-ফুটবল টুর্নামেন্ট। এছাড়া র্যাম্প শো, ফ্ল্যাশ মব, ইন্টারঅ্যাকটিভ গেমস ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো ক্যাম্পাস।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভিভো স্মার্টফোন এক্সপেরিয়েন্স জোন। সেখানে শিক্ষার্থীরা ভিভোর সর্বশেষ স্মার্টফোন ব্যবহার করে দেখার সুযোগ পান। পাশাপাশি ফটো জোনে ছবি তুলে তাৎক্ষণিক প্রিন্ট করার সুবিধাও ছিল।
অনুষ্ঠানে এনইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিভো বাংলাদেশের মতো প্রতিষ্ঠানের এমন উদ্যোগ শিক্ষার্থীদের নতুন সুযোগ সৃষ্টি করে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।’
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এ উৎসব। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার, টি-শার্ট, সনদপত্র এবং ভিভো বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা।
আয়োজকেরা জানান, তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।