ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’ (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি প্রদান করা হবে।
এছাড়া, ঢাবির একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ডিগ্রিও প্রদান করা হবে এবারের সমাবর্তনে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আজ রোববার সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে যাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, সেসব গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আজ রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় সমাবর্তন সফল করতে একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং একাধিক উপ-কমিটি গঠন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তন উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে উপ-কমিটিগুলোকে অনতিবিলম্বে কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন। একই সাথে শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও অনুরোধ জানান তিনি।
উক্ত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি, এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি-সহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।