‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে শুরু হতে পারে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম’

সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপশহর এলাকায় অবস্থিত অস্থায়ী একাডেমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্পর্কে তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান বলেন, এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের অধিনে থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে বর্তমানে গত ১৯ জুলাইয়ের পর থেকে অস্থায়ীভাবে প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ বেশ কিছু অগ্রগতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কার্যক্রম পরিচালনার জন্য অফিসের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সম্পন্ন হলেও এখনো বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে পাঠদান কার্যক্রম চালু হবে তা চূড়ান্ত না হওয়ায় বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়নি। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন থেকে একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদনে ওপর ভিত্তিতে কোন কোন বিষয়ের ওপর পাঠদান কার্যক্রম শুরু হবে।

তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না বলেও জানান ভিসি।