এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর শুরু হবে এই এই পরীক্ষা। 

নিয়মিত ও অনিয়মিত দুই ধরনের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৫ নভেম্বর শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর। 

আগের পদ্ধতিতে, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে এক বছর পর, আবার পরীক্ষায়  বসতে হতো। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। 

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।