যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বুধবার ঢাকায় সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটি’র ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র। শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। আমরা সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তুলতে কাজ করছি।’
ড. মিলন আরও বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। সেখানে দেশের বিশ্ববিদ্যালয়গুলো হবে উৎকর্ষ কেন্দ্র এবং বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে।’
চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাশেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।