ব্রাজিলের ফুটবল মহাতারকা নেইমার জুনিয়রের ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এই উপহারটি পলাশের হাতে তুলে দেন প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর রবিন মিয়া, যিনি নেইমারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট খেলতে ঢাকায় অবস্থান করছেন রবিন মিয়া। ঢাকায় ফিরেই তিনি দেখা করেন ব্রাজিল ও নেইমারের একনিষ্ঠ ভক্ত পলাশের সঙ্গে। নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে রবিন উপহার হিসেবে দেন একটি ভিনটেজ ডিজাইনের পানির বোতল সদৃশ বস্তু এবং একটি জার্সি।
উপহার গ্রহণের মুহূর্তের একটি ভিডিও পলাশ শেয়ার করেছেন তাঁর ফেসবুক পেজে। ভিডিওতে পলাশকে বলতে শোনা যায়—‘এটি একটি বিশেষ উপহার, পেয়েছি একজন স্পেশাল মানুষের কাছ থেকে!’
রবিন বলেন, ‘এটি নেইমার জুনিয়র ইনস্টিটিউটের তৈরি। ব্রাজিল থেকে আমি নিজে এটি নিয়ে এসেছি ঢাকায়, বিশেষ একজন মানুষের জন্য। পলাশ এই উপহার ডিজার্ভ করে, কারণ সে ডাইহার্ট ব্রাজিল ও নেইমারের সমর্থক।’
এমন উপহার পেয়ে আবেগাপ্লুত পলাশ বলেন, ‘আমি নিজেও একটি ফাউন্ডেশন পরিচালনা করি, এটি রবিন ভাই আগেই জানতেন। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জেনেছেন এবং খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। বোতলের ওপর যে ডিজাইনগুলো রয়েছে—সব সেই শিশুদের আঁকা। এটি আমার জন্য সত্যিই স্পেশাল।’
উল্লেখ্য, নেইমার জুনিয়র ইনস্টিটিউট ব্রাজিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও নানা সমাজসেবামূলক প্রকল্পে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি। ইনস্টিটিউটের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশি যুবক রবিন মিয়া।