বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলের মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন তাঁর মেয়ে অভিনেত্রী এশা দেওল। বাবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দেয়। এরপর শোকের ছায়া নেমে আসে বলিউড পাড়ায়। কিছুক্ষণের মধ্যে ভিন্ন খবর দেন মেয়ে এশা।
এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবরটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, মিডিয়া অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে এবং মিথ্যা খবর ছড়াচ্ছে বলে মনে হচ্ছে।
তিনি লেখেন, আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যে প্রার্থনার জন্য ধন্যবাদ।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিনকয়েক আগেই হাসপাতালে ভর্তি করানো হয় এই কিংবদন্তি অভিনেতাকে। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে অভিনেতার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।