মাথায় ব্যান্ডেজ বেঁধে সিনেপ্লেক্সে শাহরুখভক্তরা

ভক্তদের মতে, দীর্ঘ প্রতীক্ষার হলো অবসান। বাংলাদেশসহ সারা বিশ্বে একযোগে মুক্তি পেল শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘জওয়ান’। তাই শাহরুখ ভক্তদের মধ্যে গতকাল (৭ সেপ্টেম্বর)  ‍মুক্তির দিন ছিল বাড়তি উন্মাদনার।

বিকালে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সন্ধ্যাতেই দেওয়া হয়েছে মুক্তি। আর তাতেই প্রেক্ষাগৃহে হাজির শত শত ভক্ত। ‘জওয়ান’-এ শাহরুখের একাধিক লুকের মধ্যে ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত চেহারা বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই কয়েকজন এদিন উপস্থিত হন মাথায় ব্যান্ডেজ বেঁধে।

গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা গেল, তিল ধারণের জায়গা নেই। শত শত ভক্তরা অপেক্ষা করছেন। এরমধ্যে চার থেকে পাঁচজন মাথায় ব্যান্ডেজ বেঁধে এসেছেন।

তাদের মধ্যে একজন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘বাংলাদেশে শাহরুখ খানের দুটি গ্রুপ আছে। সেখান থেকে প্রায় ৫০০ জন আমরা এসেছি ফার্স্ট  ডে ফার্স্টশো দেখতে। বাংলাদেশে এবার সেই আশা পূর্ণ হচ্ছে। আমরা খুবই খুশি।’

এদিকে, বৃহস্পতিবার ভোর থেকে ‘জওয়ান’-এর ঝড়ো হাওয়া বয়ে গেছে ভারতে। দেশটির বিভিন্ন প্রান্তরে ভক্তরা একই লুকে হাজির হয়েছিল। বাড়তি উন্মাদনা ছিল কলকাতাতেও। শহরে এসে হাজির খোদ ‘কিং খান’। ব্যান্ডেজ লুকে শুধু আসেননিই অভিনয় করে মাতিয়ে রাখেন আশপাশের মানুষদের।

এদিকে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবি বাংলাদেশের ৫০টি হলে চলবে। সেগুলো হলো—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, সীমান্ত স্কয়ার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন্স সিনেমা হল (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বিজিবি অডিটরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা হল (চট্টগ্রাম), মনিহার (যশোর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা)।

এছাড়া রাজশাহীর হাই-টেক পার্ক সিনেপ্লেক্স, রাজতিলক ছাড়াও সিনেমাটি দেখা যাবে নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্সে (বগুড়া), মম ইন (বগুড়া), সেনা অডিটরিয়াম (সাভার), রূপকথা (পাবনা), উল্কা (গাজীপুর), নন্দিতা (সিলেট), গ্রান্ড থিয়েটার (সিলেট), রাজ সিনেমা (কুলিয়ারচর), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), রুটস (সিরাজগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (শান্তাহার), তাজ (নওগাঁ), দর্শন (ভৈরব), অভিরুচি (বরিশাল), বনলতা (ফরিদপুর), চন্দ্রিমা (শ্রীপুর) সিনেমা হলে।