শনিবার (৭ অক্টোবর) দুপুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ভারতীয় অভিনেত্রী নুশরাত ভারুচার। জানা যায়, ইসরায়েলে আটকা পড়েছেন। পরদিন রবিবার ভারতীয় দূতাবাসের তৎপরতায় তিনি দেশে ফেরেন। এ দিকে ইসরায়েলে অভিনেত্রীর গান গাওয়া ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এরপর হামলার ঘটনাটা ঘটেছিল।
হাইফা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘আকেলি’-এর জন্য গিয়েছিলেন নুশরাত। সেখানেই শনিবার দুপুর থেকে নায়িকার সঙ্গে তার টিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নায়িকা অমিতাভ বচ্চন অভিনীত ‘ইয়ারানা’ ছবির জনপ্রিয় ‘তেরে জ্যায়সা ইয়ার কঁহা’ গানটি গাইছেন। তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন সম্ভবত উৎসবের কোনও দর্শক। এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। অনুরাগীদের মধ্যে অনেকেরই মতে, জীবনে কখন যে কঠিন মুহূর্ত উপস্থিত হয়, তা মানুষ আগে থেকে বুঝতে পারে না। এক জন লিখেছেন, ‘এত ভালো গান গাওয়ার সময়েও নুশরাত হয়তো কল্পনাও করতে পারেননি তাঁর সামনে কী কঠিন সময় আসতে চলেছে।’
ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা চালিয়েছে (৭ অক্টোবর)। এতে বহু মানুষ নিহত হয়েছেন। অনেকে জিম্মি হয়েছেন। এ ঘটনার পর ইসরায়েলের পাল্টা হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে।
আর এই ভয়াবহতার মধ্যে ইসরায়েলে আটকা পড়েন বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা।
অভিনেত্রীর টিমের এক সদস্য তখন জানান, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন নুশরাত। সেখানে সুরক্ষিত আছেন তিনি।
পরদিন তিনি মুম্বাইয়ে ফেরেন। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল প্রণয় মেশরাম পরিচালিত থ্রিলার নাটক ‘আকেল্লি’তে। ছবিতে তিনি একজন সাধারণ ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে একটি যুদ্ধক্ষেত্রে আটকা পড়ে এবং নিরাপদে বেরিয়ে আসার জন্য লড়াই করে। এবার বাস্তবেও একই ঘটনার মুখোমুখি হলেন। নুশরাতের পরবর্তী ছবি ‘ছিরি ২’।